দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা অর্থ মন্ত্রণালয়ের জারি করা বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২,০০০ টাকা) নির্ধারণের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। রোববার (১৯ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন তারা।
নতুন কর্মসূচি হিসেবে শিক্ষকরা দুপুর ১২টায় শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী শনিবার (১৮ অক্টোবর) রাতে এই কর্মসূচির ঘোষণা দেন। শিক্ষকরা বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ বাড়ি ভাড়া অনুমোদন
রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কিছু শর্ত সাপেক্ষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (ন্যূনতম ২,০০০ টাকা) প্রদান করা হবে। এই নির্দেশনা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। তবে শিক্ষকরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তাদের তিন দফা দাবি পূরণের জন্য আন্দোলন অব্যাহত রেখেছেন।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছিল, যা শিক্ষকরা প্রত্যাখ্যান করেন। বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে গত আগস্টে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে তারা মূল বেতনের শতাংশ হারে ভাতা প্রদানের দাবি তুলেছিলেন। তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই আন্দোলন এখনো চলমান রয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































