সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে কাউকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের এ আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘হাইকোর্টের ওই আদেশ কার্যকর থাকলে তদন্ত সংস্থার স্বাধীনভাবে তদন্ত পরিচালনায় বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। এমন বিধান থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত না।’
আরও পড়ুন: শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন এবং এ বিষয়ে একটি রুলও জারি করেছিলেন।
পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ আপিল বিভাগ হাইকোর্টের রুলটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































