স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি-newsedge24

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনের রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান।

এর আগে বেলা ১১টার পর শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সর্বজ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রথমে সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর স্পিকার পদে একমাত্র মনোনয়ন উত্থাপিত হয়। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম প্রস্তাব করেন এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম সমর্থন করেন। কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফলে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হন।

ডেপুটি স্পিকার পদে নাম প্রস্তাব করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রস্তাবটি সমর্থন করেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন মিজান। নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নাম একমাত্র প্রস্তাব হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কণ্ঠভোটে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

আরও পড়ুন:  একে একে সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *