বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের কেউ আক্রমণ করতে এলে তাদের হাত ভেঙে দেওয়া হবে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর উত্তরায় বিএনপির খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু স্লোগানের রাজনীতি নয়, শহিদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না।” তিনি জোর দিয়ে বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে শয়তানি করছেন। তবে আওয়ামী লীগ যদি আক্রমণ করে, তাদের হাত ভেঙে দেওয়া হবে।”
আরও পড়ুন: গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করলেন মির্জা ফখরুল
মির্জা ফখরুল আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের রাজনীতি করার ইচ্ছে নেই। তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। শেখ হাসিনার হাতে আগে সবকিছু থাকলেও, ভবিষ্যতে বিএনপি ক্ষমতার ভারসাম্য আনবে।”
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, “ছাত্র সংসদ নির্বাচন বা অন্য কোথাও গণ্ডগোল করা যাবে না।” তিনি পুলিশকে অতীতের কর্মকাণ্ড ভুলে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































