ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার কলকাতার মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।
এনডিটিভির তথ্য অনুসারে, মধ্যমগ্রামে বসবাসকারী চন্দ্রনাথ কাজের সূত্রে স্করপিও গাড়িতে করে মধ্যমগ্রাম থেকে বারাসতের দিকে যাচ্ছিলেন। যশোর রোড সংলগ্ন দোহাড়িয়া এলাকায় পৌঁছালে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে থাকা হেলমেটধারী দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তার মাথা ও পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) এবং কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে। হামলায় ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। দলটির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার আলোচনা চলার মধ্যেই তার ঘনিষ্ঠ সহকারীকে হত্যার ঘটনায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা দেখা দিয়েছে।






































































































































































































































































































































































































































































































































































































































