যুদ্ধবিরতির মধ্যেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এবার কুয়েতের আকাশেও শত্রুপক্ষের বেশ কয়েকটি ড্রোন প্রবেশ করেছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। আজ ভোরে দেশটির আকাশসীমায় ড্রোন শনাক্ত হওয়ার পর সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে মোকাবিলা করে বলে মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন।
তবে ড্রোনগুলো কারা ছুড়েছে এবং হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কি না— সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে সংযুক্ত আরব আমিরাত তাদের দেশে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে। ইরানের কর্মকর্তারা আমিরাতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিও দিয়েছিলেন।
বর্তমানে ইরান এখনও যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দেয়নি। হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলার পর গত ৮ এপ্রিল থেকে চলা যুদ্ধবিরতি কার্যত ভঙ্গুর হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।






































































































































































































































































































































































































































































































































































































































