দিল্লির জন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে আটক হয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি। পুলিশের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানানোর পর তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গুরুগ্রাম পুলিশ।
হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বিক্ষোভের কর্মসূচিকে সামনে রেখে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসিক এলাকায় ধ্রুব রাঠির বাসভবনে পৌঁছায় পুলিশের একাধিক দল।
এছাড়া যন্তর মন্তরমুখী সব রাস্তায় ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ বসিয়ে দিল্লিকে দুর্গে পরিণত করা হয়েছে।
দিল্লি মেট্রোর রাজীব চক, নিউ দিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক এবং কাশ্মীর গেটসহ ৪৫টি মেট্রো স্টেশনের গেট তালাবদ্ধ রেখেছে। এদিন ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা থাকা অন্যান্য রাজ্য থেকে আসা ২৫০টিরও বেশি ট্রেন ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
জনপথ-কর্তব্য পথ ক্রসিং থেকে ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবাও স্থগিত করা হয়েছে।
অভিজিৎ দীপকে ও টিম সিজেপি প্রতিবাদের জন্য যন্তর মন্তরের দিকে রওনা হওয়ায় কর্তৃপক্ষ দিল্লিতে নিরাপত্তা জোরদার করতে ড্রোন মোতায়েন করেছে। পুলিশ রাতারাতি ১,০০০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছে এবং প্রতিবাদস্থলের কাছ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে।
আরও পড়ুন: দিল্লিতে বিমান থেকেই সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক
সিজেপি নেতা অভিজিৎ দীপকে দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তরুণ প্রজন্মকে ভয় পেয়েছেন। শনিবার সকালে মুম্বাই থেকে তিনি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। পথে সংবাদসংস্থা এএনআই-কে একটি সাক্ষাৎকারে দীপকে জানান, তাদের উদ্দেশ্য রাজধানীতে শান্তিপূর্ণ জমায়েত এবং আন্দোলন। তাতে বাধা দেয়ার চেষ্টা করায় বোঝা যাচ্ছে, ক্ষমতাসীন সরকার তাদের ভয় পেয়েছে।






































































































































































































































































































































































































































































































































































































































