নেপালে ফের আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির গোরখা জেলার বুধি গণ্ডকী নদীতে রোববার ভোরে হঠাৎ বন্যা দেখা দিলে চুমনুব্রি ও ধারচে গ্রামীণ পৌরসভা এলাকায় অন্তত ৩৫ থেকে ৪০টি বাড়ি ভেসে গেছে। এতে ধ্বংস হয়েছে একাধিক ঝুলন্ত সেতু, চলাচলযোগ্য লোহার সেতু এবং জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ অবকাঠামো। এ ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।
চুমনুব্রি গ্রামীণ পৌরসভার প্রশাসনিক প্রধান নারায়ণ প্রসাদ সাপকোটার বরাতে জানা গেছে, রোববার সকালে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যায় চুমনুব্রি পৌরসভার জগৎ বাগার, সাল্লেরি ও ঘাট্টিখোলা এলাকার আনুমানিক ৩৫ থেকে ৪০টি বাড়ি ভেসে গেছে। বন্যার পানিতে আরও কয়েকটি বসতি প্লাবিত হয়েছে। আশপাশের বেশ কিছু বাড়িও ঝুঁকির মুখে রয়েছে।
বন্যার পানির তোড়ে ন্যাকচেত ও সিরদিবাস এবং মাছাখোলা ও কেরাউজাকে সংযুক্তকারী দুটি ঝুলন্ত পদচারী সেতু ভেসে গেছে। আরুঘাট গ্রামীণ পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মধ্যে সোটিতে অবস্থিত যানবাহন চলাচলের উপযোগী একটি লোহার সেতুও ধ্বংস হয়েছে। এ ছাড়া গোরখা ও ধাদিং জেলা সংযোগকারী আরুঘাটের সেতুটিও ভেসে গেছে। ন্যাকচেত ও ফিলিম বাজারকে সংযুক্তকারী আরেকটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং।
আরও পড়ুন: পশ্চিম তীর বসতি স্থাপন নিয়ে বৃটেন-ইসরাইল উত্তেজনা চরমে
আকস্মিক এ বন্যায় স্থানীয় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। সেতুগুলো ধ্বংস হওয়ায় এলাকাবাসীর চলাচল বন্ধ হয়ে পড়েছে। জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের খোঁজ চালাচ্ছেন। বন্যার পানি এখনো বিপদসীমার কাছাকাছি থাকায় আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এলাকায় আরও বৃষ্টির আশঙ্কা থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






































































































































































































































































































































































































































































































































































































































