ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের দেওঘরে মঙ্গলবার (২৯ জুলাই) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৮ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়েছেন। তীর্থযাত্রী বহনকারী একটি বাসটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংঘর্ষের ফলে বাসটির পেছনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় সাংসদ নিশিকান্ত দুবে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তীর্থযাত্রীরা শ্রাবণ মাস উদযাপনের জন্য দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে যাচ্ছিলেন। তারা হিন্দু দেবতা শিবের উদ্দেশে গঙ্গার পবিত্র জল বহন করছিলেন। দুবে বলেন, “বাস ও ট্রাকের সংঘর্ষে ১৮ জন ভক্ত প্রাণ হারিয়েছেন।”
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোশ্যাল মিডিয়ায় বলা হয়, “ঝাড়খণ্ডের দেওঘরে সড়ক দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহত ভক্তদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।”
দেশটির পরিবহন মন্ত্রী নিতিন গডকরি জানিয়েছেন, ভারতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারান। ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। গত বছর উত্তরাখণ্ডে একটি বাস হিমালয়ের গভীর খাদে পড়ে ৩৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন।






































































































































































































































































































































































































































































































































































































































