১৭ এপ্রিল ২০২৫: পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে বৃহস্পতিবার হাজারো ইসরাইলি বসতি স্থাপনকারী ইহুদি প্রবেশ করেছে। পাসওভার উৎসব উপলক্ষে তারা মাগরাবি গেট দিয়ে মসজিদ চত্বরে প্রবেশ করে এবং সেখানে তালমুদিক রীতিতে প্রার্থনা করে। জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, বসতি স্থাপনকারীরা চত্বরের পূর্ব দেয়ালে অবস্থিত বাব আল-রাহমা কবরস্থানেও যায়।
উগ্র ডানপন্থী রিলিজিয়াস জিওনিজম পার্টির এমপি জভি সুকোট নেতৃত্বে তালমুদিক রীতি পালন করা হয়, যেখানে প্রার্থনাকারীরা মাথা নত করে মাটির সঙ্গে মিশে যায়। এদিকে, মসজিদের পশ্চিম দেয়ালের বাইরে ‘প্রিস্টস ব্লেসিং’ পালন করেন হাজারো ইহুদি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদ চত্বরকে সামরিক জোনে পরিণত করেছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরোপ করে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়েছে।
এছাড়া, মঙ্গলবার দখলকৃত পশ্চিম তীরের হেব্রনে ইব্রাহিম মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ, ফলে ফিলিস্তিনিদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ২০১৯ সাল থেকে আল-আকসা মসজিদ চত্বরে প্রার্থনা নিয়ে ইসরাইলি পুলিশ ও মুসলিমদের মধ্যে সংঘাত চলছে। পাসওভার উৎসব, যা ১২ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পালিত হয়, ইসরাইলিদের মিশর থেকে বিতাড়নের স্মরণে উদযাপিত হয়।
১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেমসহ আল-আকসা মসজিদের নিয়ন্ত্রণ নেয়। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, মুসলমানরা এখানে নামাজ আদায় করতে পারেন, আর ইহুদিরা মসজিদ চত্বরে প্রবেশ করতে পারলেও তাদের প্রার্থনার অনুমতি নেই।
জেরুজালেমের প্রধান রাব্বিনাত একসময় ঘোষণা করেছিলেন, টেম্পল মাউন্টে শুধুমাত্র ‘আধ্যাত্মিকভাবে পূতপবিত্র’ ইহুদিরাই প্রার্থনা করতে পারবেন। ইহুদি বসতি স্থাপনকারী ও উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো প্রায়ই এখানে তালমুদিক রীতিতে প্রার্থনা করে, যা ফিলিস্তিনি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে।






































































































































































































































































































































































































































































































































































































































