ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫: যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই সমর্থনের কথা জানানো হয়।
বৈঠকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন।
প্রতিনিধিদল বাংলাদেশের ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এই ইস্যুতে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে। প্রধান উপদেষ্টা জানান, মিয়ানমার সরকার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
নিকোল এ. চুলিক বলেন, রোহিঙ্গা সংকটকে আলাদাভাবে না দেখে মিয়ানমারকে সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করার আপনার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা, সংযুক্ততা, এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গাদের জন্য সাহায্য পুনরায় চালু এবং পালটা শুল্কে ৯০ দিনের বিরতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































