ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশাল ভূমিকা রয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের তাগিদ দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. আলী রীয়াজ বলেন, ‘সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সামনে অগ্রসর হতে চাই। বিএনপি আন্তরিকভাবে ও সুচিন্তিতভাবে তাদের মতামত জানিয়েছে। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালে বিএনপির সহযোগিতা পেয়েছি, তার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘আলোচনার মাধ্যমে আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে এবং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো, বিশেষ করে বিএনপি, এর বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করেছে। এই প্রচেষ্টা সেই সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য।’
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় ড. আলী রীয়াজের নেতৃত্বে পাঁচটি সংস্কার কমিশনের প্রধান উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































