তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-newsedge24

ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছে তুরস্ক। হামলার খবর পাওয়ার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ ছাড়া, পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করে আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতি তুরস্কের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এ খবর জানিয়েছে অনলাইন জিও নিউজ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান জানান, হাকান ফিদান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ভারতের হামলাকে পাকিস্তানের সার্বভৌমত্বের ‘অন্যায় লঙ্ঘন’ এবং বেসামরিক নাগরিকদের হত্যার জন্য দায়ী ‘অপ্রীতিকর আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছেন। উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন এবং ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

পাকিস্তানের দাবি, মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলাকে ‘যুদ্ধের কাজ’ আখ্যা দিয়ে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তান বিমান বাহিনী এক ঘণ্টার লড়াইয়ে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারত এই দাবি নিশ্চিত করেনি এবং হামলাকে ‘নিয়ন্ত্রিত ও অ-উত্তেজক’ হিসেবে বর্ণনা করে বলেছে, কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *