ইসরাইলের চারদিন ধরে চলমান হামলার প্রেক্ষাপটে ইরানের পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই। ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “শত্রুরা মারধর, হত্যা বা হামলার মাধ্যমে আমাদের এবং আমাদের জাতিকে শেষ করতে পারবে না। একজন বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে, শত শত বীর তা তুলে নেবেন। তারা এই কাপুরুষোচিত নিষ্ঠুরতা, অবিচার, অপরাধ ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।”
ইরানিরা ‘আগ্রাসনকারী’ নন উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের ওপর যে আগ্রাসন শুরু হয়েছে, তার বিরুদ্ধে ইরানের জনগণকে হাতে হাত ধরে শক্তভাবে দাঁড়াতে হবে।” তিনি জানান, তাঁর সরকার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ইসরাইলের হামলায় তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্ক ছড়িয়েছে। এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আবিব ও হাইফার মতো শহরে আঘাত হেনেছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কাকে বাড়িয়ে তুলেছে।






































































































































































































































































































































































































































































































































































































































