সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) থেকে ১৫ হাজার মেট্রিক টন আখের সাদা চিনি কিনবে। প্রতি কেজি চিনির দাম ১১৫.৫৮ টাকা ধরে মোট ব্যয় হবে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই চিনি স্থানীয়ভাবে বিএসএফআইসি থেকে সরাসরি ক্রয় করা হবে। এই সিদ্ধান্ত দেশে চিনির সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, একই বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের প্রেক্ষিতে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (৪র্থ সংশোধিত)’ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ রাইস সাইলোর নির্মাণ কাজের ১ম ও চূড়ান্ত ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মূল চুক্তি মূল্য ছিল ৪৬ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার ৫৩৮ টাকা। ভেরিয়েশনের ফলে ব্যয় ৪ কোটি ২৩ লাখ ৬৮০ টাকা কমিয়ে সংশোধিত চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৯৩০ টাকা।
আরও পড়ুন: সেপ্টেম্বরে দেশে এসেছে ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয়
এই প্রকল্পের কাজ যৌথভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশের কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য জিএসআই গ্রুপ এলএলসি।






















































































































































































































































































































































































































































































































































































































































































