ইরানের সঙ্গে পূর্বঘোষিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
পাকিস্তানের মধ্যস্থতায় আজ শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকালে আলোচনার প্রথম দফা শুরু হবে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে বড় ধরনের সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এ ছাড়া দেশটির একাধিক শীর্ষ নেতা নিহত এবং সামরিক-বেসামরিক অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। লেবানন পরিস্থিতি, হরমুজ প্রণালি এবং পারমাণবিক ইস্যুসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠবে বলে আশা করা হচ্ছে।






































































































































































































































































































































































































































































































































































































































