যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী শুক্রবারের আগে দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র। রোববার (১৯ এপ্রিল) আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশ না করার শর্তে সূত্র দুটি জানায়, কয়েকটি আলামতের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে।
প্রথমত, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি বিশালাকার ‘সি-১৭ গ্লোবমাস্টার’ কার্গো বিমান অবতরণ করেছে। দ্বিতীয়ত, বিমানবন্দর থেকে ইসলামাবাদের ‘রেড জোন’ পর্যন্ত রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত নতুন বুকিং বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়, যা প্রায় ২১ ঘণ্টা স্থায়ী হয়েছিল কিন্তু কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এখন দ্বিতীয় দফার আলোচনার জন্য পাকিস্তানসহ মধ্যস্থতাকারীরা জোর প্রচেষ্টা চালাচ্ছে।




































































































































































































































































































































































































































































































































































































































