মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ওপর চাপের মাত্রা আরও বাড়াতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে বড় ধরনের ঐকমত্যে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ-র পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস জানিয়েছেন, নতুন এই নিষেধাজ্ঞার আওতায় কেবল ইরান নয়, বরং হরমুজ প্রণালি অবরোধ বা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তি বা পক্ষকেও অন্তর্ভুক্ত করা হবে।
বৈঠকে কাজা কালাস সদস্য দেশগুলোকে মধ্যপ্রাচ্যে ইইউ-র নৌ মিশন আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী। এখানে যেকোনো ধরনের উত্তেজনা বৈশ্বিক বাজারে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।
বর্তমানে ইইউ-র নৌ মিশন লোহিত সাগরে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠীর হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা প্রদানে কাজ করছে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে হুথিদের ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলার কারণে আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে। ইইউ মূলত দুটি লক্ষ্য নিয়ে এগোচ্ছে—প্রথমত, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে চাপে রাখা এবং দ্বিতীয়ত, কৌশলগত সমুদ্রপথগুলোতে সামরিক উপস্থিতি বাড়িয়ে বিশ্ব বাণিজ্য সচল রাখা।
আরও পড়ুন: হরমুজ প্রণালি অবরোধ নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ইরানকে আরও কোণঠাসা করতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহের প্রধান রুটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এখন পশ্চিমা দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।






































































































































































































































































































































































































































































































































































































































