কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ কর্মসূচি অটুট রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। একইসঙ্গে ইমরানের তিন বোনের ৩০ দিনের আটকাদেশ বাতিল চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন করা হয়েছে।
সোমবার ইমরানের বোন আলিমা খানের ছেলে শাহরাইজ খান হাইকোর্টে আবেদন দাখিল করেন। এতে আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজির আটকাদেশ অবৈধ ঘোষণা করে তাদের তাৎক্ষণিক মুক্তির দাবি জানানো হয়। লাহোরের ডেপুটি কমিশনার ২০ সেপ্টেম্বর জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের ৩ নম্বর ধারায় তিনজনের বিরুদ্ধে ৩০ দিনের আটকাদেশ জারি করেন। ২৭ সেপ্টেম্বরের কর্মসূচির আগে এই আদেশ দেওয়া হয়। আলিমাকে আগে আটক করা হয়; পরে সোমবার উজমা ও নরিনকেও আটক করা হয়।
আবেদনে বলা হয়, ব্যক্তিগত কাজে যাওয়ার সময় আলিমাকে আটক করা হয় এবং সে সময় জনশৃঙ্খলার কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। আটকাদেশে প্রতিরোধমূলক আটকের যৌক্তিকতা প্রমাণের মতো কোনো নির্দিষ্ট অভিযোগও উল্লেখ করা হয়নি। আলিমা ও তার চালককে লাহোর সেন্ট্রাল জেলে রাখা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেছেন, পিটিআই ‘যেকোনো মূল্যে’ ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি পালন করবে। ২৫ সেপ্টেম্বর বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে এবং সারা দেশে নেতাকর্মীদের সংগঠিত করা হবে। তিনি দাবি করেন, বিক্ষোভের আগে পিটিআইয়ের প্রাদেশিক মন্ত্রী ও আইনপ্রণেতাদের গ্রেপ্তার শুরু হয়েছে। ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগ পেতে দলটি সব সাংবিধানিক পথ অনুসরণ করেছে, কিন্তু আদালতের আদেশ থাকা সত্ত্বেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না।
আফ্রিদি জানান, পিটিআই সংঘাত চায় না। দলটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দাবি আদায় করবে এবং বিক্ষোভে কোনো অস্ত্র বহন করা হবে না। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহরও বলেছেন, দলটি ইসলামাবাদে হামলা চালানোর কোনো পরিকল্পনা করছে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজেদের হাতে তুলে নেবে না।
আরও পড়ুন: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্টের কঠোর বার্তা
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সতর্ক করে বলেছেন, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচির কারণে ইসলামাবাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে দেওয়া হবে না। সরকার রাজধানী বন্ধ করে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হতে দেবে না।
ইমরান খানের ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফুফু উজমা ও নরিনসহ আত্মীয়দের আটকের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
ইমরান খান ২০২৩ সাল থেকে কারাবন্দি এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন। তার মুক্তির দাবিতে পিটিআই ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে।




































































































































































































































































































































































































































































































































































































































