আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি রোধে সরকার থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার (১৩.৫৭৫ মিলিয়ন লিটার) পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এ তেল কিনবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মোট ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

থাইল্যান্ডের প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে এ তেল কেনা হবে। চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতি লিটারের মূল্য পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহনসহ সব খরচ যোগ করে প্রতি লিটারের দাম হবে ১৬২ টাকা ৬৩ পয়সা। উল্লেখ্য, এই তেল খোলা বাজারে বর্তমান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কমে এবং ক্রয়মূল্যের চেয়ে বেশিতে বিক্রি করা হবে। ফলে সরকারের কোনো ভর্তুকির প্রয়োজন পড়বে না।

একই বৈঠকে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে বিক্রির লক্ষ্যে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়। চট্টগ্রামের এম/এস পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস থেকে প্রতি কেজি ৭১ টাকা ৮৭ পয়সা হিসেবে এ ডাল কেনা হবে। মোট ব্যয় ৭১ কোটি ৮৭ লাখ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে প্রতি লিটার ১৮০ টাকা ৮৫ পয়সা দরে ১ কোটি লিটার সয়াবিন তেল কেনার একটি প্রস্তাব উত্থাপিত হলেও পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা প্রত্যাহার করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজানে ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে এই জরুরি ক্রয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিসিবির মাধ্যমে এসব পণ্য ভর্তুকি দিয়ে বা সাশ্রয়ী মূল্যে বিক্রি করে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই সরকারের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *