Asha Bhoshle-newsedge24

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এনডিটিভিসহ ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, আগামীকাল সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

হৃদরোগ ও ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আশা ভোঁসলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় ভারতীয় শোবিজ জগতে শোকের ছায়া নেমে এসেছে।

আশা ভোঁসলে ১৯৩৩ সালে মহারাষ্ট্রের এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর। বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর তার আপন বড় বোন। ১৯৪৩ সালে সংগীত জগতে পা রাখেন তিনি। দীর্ঘ আট দশকের অসামান্য ক্যারিয়ারে ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, ‘পিয়া তু আব তো আজা’, ‘দিল চিজ কেয়া হ্যায়’সহ হাজার হাজার অমর গান উপহার দিয়েছেন।

ভারতীয় বিভিন্ন ভাষার পাশাপাশি বিদেশি ভাষাতেও গান গেয়েছেন আশা। শাস্ত্রীয়, লোক, পপ, গজল—সব ধারায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তিনি। দীর্ঘ কর্মজীবনে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ, একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *