দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, আজ মঙ্গলবার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৫ বিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে নেট রিজার্ভ এখন ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারের ওপরে।
রিজার্ভ বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে রেমিট্যান্সের উচ্চ প্রবাহ। বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত ডলার কিনছে। গতকাল সোমবারও ৮ কোটি ৭০ লাখ ডলার কেনা হয়েছে। চলতি অর্থবছরের এ পর্যন্ত কেনা হয়েছে ৫৪৭ কোটি ডলার।
রেমিট্যান্সের প্রবাহ
চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ডলার। গত অর্থবছরের ফেব্রুয়ারির একই সময়ের তুলনায় যা প্রায় ২৪ শতাংশ বেশি। অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ২ হাজার ২০০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২২ শতাংশ বেশি। গত অর্থবছর রেমিট্যান্স বেড়েছিল প্রায় ২৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়বে।



























































































































































































































































































































































































































































































































































































































































































































