সালমান শাহর-newsedge24

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিনেতার স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর রমনা থানায় এই মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার আদালতের নির্দেশে এই মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই এই মামলা দায়ের করা হয়। আলমগীর কুমকুম বলেন, “সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তর করতে। চেষ্টা করতে করতে উনিও দুনিয়া থেকে চলে গেলেন। এখন এতদিন পর এটা হয়েছে। ইনশাআল্লাহ, এটা প্রমাণ হবে হত্যা না আত্মহত্যা।”

মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে সামিরা হকের নাম রয়েছে। এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক হত্যা মামলা হিসেবে বিচারের নির্দেশ দেন। শুনানিতে উল্লেখ করা হয়, সালমান শাহর মৃত্যুর দিন তার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং মল ও বীর্য বের হয়েছিল। ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়। পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও, সিবিআইয়ের তদন্তে বড় ধরনের গড়মিল পাওয়া গেছে।

এই অভিযোগগুলো আমলে নিয়ে আদালত অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুনঃতদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আরও পড়ুন: নতুন রূপে আসছেন শাকিব খান

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহ মারা যান। তার স্ত্রী সামিরা হক মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করলেও, পরিবার সুপরিকল্পিত হত্যার অভিযোগ তুলে আদালতে যায়। সালমান শাহর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘জীবন সংসার’, ও ‘স্বপ্নের ঠিকানা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *