মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এবং উপসাগর ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২৮ ডলার বা ২ দশমিক ২৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ২৮ ডলারে উঠেছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টা ২৭ মিনিটে এ দাম রেকর্ড করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬৬ ডলার বা ১ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে বুধবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তেলের মজুত দ্রুত বাজারে ছাড়ার এবং ডিজেল সরবরাহকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সম্মত হওয়ায় দিনের শেষে তেলের দাম কমেছিল।
যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রেকর্ড পর্যায়ের জ্বালানি দামের চাপ মোকাবিলায় মার্চে একটি পরিকল্পনা চালু করে আইইএ। সেই পরিকল্পনার আওতায় সদস্য দেশগুলোকে তেলের মজুত দ্রুত বাজারে ছাড়ার পাশাপাশি ডিজেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলা ও জাহাজ চলাচলে বাড়তে থাকা ঝুঁকির কারণে বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আবারও তীব্র হয়েছে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতা বাড়ায় তেলের বাজারে এর প্রভাব পড়ছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































