কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের বাইপাস এলাকায় কুষ্টিয়া স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজির চালক ও চারজন যাত্রী রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে সরাসরি ধাক্কা দেয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা আরও দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: বাংলা ভাষা আধুনিক হবে, কিন্তু বিকৃত নয়: শিক্ষামন্ত্রী
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালান। স্থানীয়রা জানান, বাইপাস সড়কে প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































