চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি বাজারে প্রকাশ্যে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মুহাম্মদ আবদুল মজিদ (৫০)। তিনি পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজার এলাকার বাসিন্দা এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাজার থেকে হেঁটে বাড়ির দিকে রওনা হন আবদুল মজিদ। এ সময় মুখোশ পরা একদল অস্ত্রধারী যুবক মোটরসাইকেলে এসে প্রকাশ্যে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারীরা গুলি চালানোর পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন মজিদকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, তাঁর চোখের ওপরে, বুকে ও কোমরে মোট তিনটি গুলি লাগে।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) টিবলু কান্তি দে বলেন, “হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।”
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও জানান, ঘটনাস্থল পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম জানান, এর আগেও তাঁর স্বামীর ওপর হামলা হয়েছিল, তখন তিনি প্রাণে বেঁচে যান। এবার তাঁকে হত্যা করা হয়েছে। এছাড়া, একই এলাকায় গত ৫ জানুয়ারি আরেক যুবদল নেতা মুহাম্মদ জানে আলমকে একই কায়দায় গুলি করে হত্যা করা হয়েছিল।
এ ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা বা স্থানীয় দ্বন্দ্বের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।










































































































































































































































































































































































































































































































































































































































































































































































































