ঢাকা মহানগর পুলিশের -ডিএমপি-newsedge24

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে রাজধানীতে দীর্ঘদিন ধরে চলা কঙ্কাল চুরির একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরি করে তা কেনাবেচার সঙ্গে জড়িত ছিল।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি কবরস্থান, মর্গ, অব্যবহৃত কবর ও বিভিন্ন স্থান থেকে কঙ্কাল সংগ্রহ করে তা দেশের বিভিন্ন অঞ্চলে এবং সম্ভবত বিদেশেও বিক্রি করত। উদ্ধারকৃত খুলি ও হাড়ের উৎস কী এবং এই চক্রের সঙ্গে আরও বড় কোনো গোষ্ঠী জড়িত কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:  নারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে পুলিশের এক এএসআই, পিস্তল লুট

ডিসি তালেবুর রহমান বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর। আমরা উদ্ধারকৃত কঙ্কালের উৎস, চুরির পদ্ধতি এবং বিক্রির নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা করছি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।”

এই অভিযানের বিস্তারিত তথ্য জানাতে আগামীকাল বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে কঙ্কাল চুরির প্রক্রিয়া, চক্রের সদস্যদের পরিচয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *