মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের আট মাসের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ। নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৪০), তার স্ত্রী ইশা দাস (২৫) এবং তাদের আট মাস বয়সী শিশু সন্তান।
পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে চিন্ময় দাস তার স্ত্রী ও শিশু সন্তানসহ ওই বাড়িতে আসেন।
মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে। পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার কলেই পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































