পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (কেয়া খাতুনের নানী) এবং পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু কেয়া খাতুনের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স সাঁথিয়া উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সটি আতাইকুলার সড়াডাঙ্গী আলিম মডেল মাদরাসার সামনে পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ এবং মরদেহের সঙ্গে থাকা বুলু খাতুন নিহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স ও বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































