রাষ্ট্রপতি-সাহাবুদ্দিন-newsedge24

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরে আসা বাংলাদেশকে শহীদদের আকাঙ্ক্ষানুরূপ সমৃদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তুলতে জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে পরিবেশবান্ধব ‘সোনালি আঁশ’ পাটের বৈশ্বিক চাহিদা বাড়ার এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের ওপর জোর দিয়েছেন তিনি।

আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’। অনুষ্ঠানে পাট খাতে বিশেষ অবদানের জন্য ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

রাষ্ট্রপতি বলেন, পাট বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি ফসল নয়, বরং অর্থনৈতিক উন্নয়নের মজবুত ভিত্তি। পাট একদিকে কাঁচামাল, অন্যদিকে শিল্পজাত ও রপ্তানিযোগ্য পণ্য। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং পলিথিন-প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবের কারণে পরিবেশবান্ধব বিকল্প পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে পাট ও পাটজাত দ্রব্য বাংলাদেশের সামনে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তিনি চাষিদের উদ্দেশে বলেন, উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করে পাট উৎপাদন বাড়ান। উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নিত্যনতুন আধুনিক, মানসম্মত ও ব্যবহারযোগ্য পণ্য উদ্ভাবন করুন। স্বল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণনের ওপর জোর দিন। সৃজনশীল তরুণ প্রজন্মকে তিনি স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিং গড়ে তুলে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন:  বিদ্যুৎ ব্যাবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পাটের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, বিশ্ব এখন টেকসই ও পরিবেশবান্ধব পণ্যের দিকে ঝুঁকছে। এই পরিবর্তিত বাস্তবতায় পাটজাত পণ্যের চাহিদা বহুগুণ বেড়েছে। বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগাতে হবে, যাতে অর্থনীতি আরও শক্তিশালী হয় এবং কর্মসংস্থান বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *