শিক্ষা মন্ত্রণালয়-newsedge4

সরকার দেশের শিক্ষা খাতে ৭ হাজার ১০১ জন শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৬ কোটি ৪১ লাখ ২ হাজার টাকার বিশেষ অনুদান বরাদ্দ করেছে। এই অনুদানের আওতায় রয়েছে ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৫০ জন শিক্ষক-কর্মচারী, ৪ হাজার ৪৭ জন মাধ্যমিক শিক্ষার্থী এবং ২ হাজার ৭০২ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক পত্রে গত ১৭ জুন এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়, চলতি অর্থবছরে ‘বিশেষ অনুদান’ খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুদানের বিবরণ: ১০১টি প্রতিষ্ঠান প্রত্যেকে ১ লাখ টাকা করে মোট ১ কোটি ১ লাখ টাকা। ২৫০ জন প্রত্যেকে ৩০ হাজার টাকা করে মোট ৭৫ লাখ টাকা। ৪ হাজার ৪৭ জন প্রত্যেকে ৮ হাজার টাকা করে মোট ৩ কোটি ২৩ লাখ ৭৬ হাজার টাকা। ১ হাজার ৪২৮ জন প্রত্যেকে ৯ হাজার টাকা করে মোট ১ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা। ১ হাজার ২৭৪ জন প্রত্যেকে ১০ হাজার টাকা করে মোট ১ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা।

অনুদানটি বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে বিতরণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্থ তাদের ব্যাংক হিসাবে এবং শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি পাঠানো হবে।

গত বছরের ১৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক পত্রে বিশেষ অনুদানের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়। এতে আবেদন যাচাই-বাছাইয়ের জন্য জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে দুটি কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

অনুদান বিতরণে অগ্রাধিকার দেওয়া হয়েছে অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষক-কর্মচারী এবং দুঃস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, রোগাক্রান্ত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের। বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, পক্ষাঘাত, দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের জন্যও অনুদান বরাদ্দ রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, “সরকার শিক্ষাকে সবার জন্য সমানভাবে বিস্তারের লক্ষ্যে কাজ করছে। এই অনুদান দুর্গত শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর একটি উদ্যোগ।”

তথ্যসুত্র- বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *