জ্বালানি তেল-newsedge24

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে দেশে তেলের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রলের গড় বিক্রয় হ্রাসের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

আজ বুধবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বিপিসি জ্বালানি তেল সরবরাহ/গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা প্রদান করেছে। সে পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেল (অকটেন ও পেট্রল) এর গড় বিক্রয় হতে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে বিপিসির অধীনস্থ বিপণন কম্পানিসমূহের ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে হরমুজ প্রণালির নৌপথে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। দেশে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় এবং মজুতদারির আশঙ্কা দেখা দেওয়ায় বিপিসি এই নির্দেশনা জারি করেছে। এর আগে বিভাগীয় শহরগুলোতে ২৫ শতাংশ হ্রাসের নির্দেশনা ছিল, যা এখন ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এতে ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ কিছুটা বাড়বে এবং জনগণের চাহিদা মেটানো সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *