রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর গুরুতরভাবে আহত হয়েছেন। তার নাকের হাড় ভেঙে গেছে এবং মাথায় আঘাত রয়েছে। তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে।
শনিবার সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, “নুরুল হক নুরের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে। গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। তবে তার জ্ণান ফিরেছে।”
আরও পড়ুন: গণঅধিকার পরিষদ ও পুলিশের সংঘর্ষ, আহত নুর
ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাত ৯টার দিকে কাকরাইলে। জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে উস্কানি দিয়েছে। অপরদিকে, জাতীয় পার্টির নেতা-কর্মীরা দাবি করেছেন, গণঅধিকার পরিষদের মিছিল এসে তাদের ওপর হামলা চালিয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































