ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিনটি মামলায় প্রত্যেকটিতে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। এই মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও আসামি।
পৃথক তিন মামলায় মোট ৪৭ আসামি, তবে ব্যক্তি হিসাবে এই সংখ্যা ২৩। আসামিদের মধ্যে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শফি উল হক, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম (একমাত্র গ্রেপ্তার), সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), রাজউকের সাবেক উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) নায়েব আলী শরীফ, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দীন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লাহ খন্দকার, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. কামরুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, উপপরিচালক হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন।
দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধীনে পূর্বাচল নতুন শহরে ৩০ কাঠা সরকারি জমি অবৈধভাবে বরাদ্দ করেন। এতে জাতীয় সম্পদের ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতির মামলার রায় ১ ডিসেম্বর
এর আগে ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে (রাজসাক্ষী) ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































