প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদের সাহায্য করবেন।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডির বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হলো? ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো, পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন। এটি আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ।’
তিনি বলেন, রাজনীতিবিদদের ‘ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন’ যদি বন্ধ করা না যায়, আবার সেই পুরোনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































