যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা-আসিফ মাহমুদ-newsedge24

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের পরিচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য কর্মী বা প্রচলিত অর্থবল—কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র অবলম্বন।”

তিনি আরও বলেন, “১৭ বছর পর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। বিভাজনের রাজনীতি নয়—প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে চাই। মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার, আবু সাঈদ, মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণায় এই লড়াই চালিয়ে যাব।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই—গণভোটেরও প্রার্থী। সংস্কারের এই সুযোগ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।”

বৃহস্পতিবার তফসিল ঘোষণার পরপরই আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ কার্যকর হয়। তাদের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে গুঞ্জন ছিল। আসিফ মাহমুদ স্পষ্ট করে দিলেন—তিনি কোনো দলের ছায়ায় নয়, স্বতন্ত্রভাবে লড়বেন।

আরও পড়ুন: নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা, ১২ ফেব্রুয়ারি নির্বাচন

ঢাকা-১০ আসনটি ঐতিহ্যগতভাবে প্রভাবশালী। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের এই ঘোষণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *