সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আইন অনুসারে সব ধরনের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ীই তিনি এ দায়িত্বে ছিলেন। ওই সময়ে সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড ছিলেন। ফলে সেই সময়কালে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা আদালতে মামলা করা যায় না। এর বাইরের কোনো সময়ের বক্তব্য দিলে সেটা তাদের স্বাধীনতা। তবে আমলে নেওয়ার মতো কোনো বিষয় সরকার দেখেনি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে—এটাই ছিল প্রত্যাশা। এনসিপিসহ বিভিন্ন দলের পক্ষ থেকে অভিযোগ উত্থাপিত হয়েছে। কিন্তু সেগুলোতে আমলে নেওয়ার মতো কিছু নেই।
সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার নিরাপত্তার জন্য এসএসএফ ও পিজিআরসহ ছয় মাসের বিধান রয়েছে। এছাড়া পুলিশ ও অন্যান্য সংস্থা থেকেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি পত্রিকায় দেখেছেন। তাদের কাছে কী তথ্য-প্রমাণ আছে সেটা তাদেরই জিজ্ঞেস করতে হবে। সরকারের কাছে এমন কোনো তথ্য নেই।
আরও পড়ুন: সেপ্টেম্বরে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরত আনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাকে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চলছে। সংযুক্ত আরব আমিরাত আরও কিছু তথ্য চেয়েছে, সেগুলো পাঠানো হচ্ছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































