শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বেক্সিমকোর যত দেনা-পাওনা আছে, সেগুলো এই মাসে পরিশোধ করা হবে। এটার ভালো অগ্রগতি হয়েছে। সমস্যা সমাধানে যতটুকু টাকা দরকার, সেটার ব্যবস্থা হচ্ছে। যার যে পাওনা রয়েছে, সেটা তাদের অ্যাকাউন্টে চলে যাবে।
বুধবার বিকেলে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
শ্রম উপদেষ্টা বলেন, ‘বেক্সিমকোর যত দেনা-পাওনা আছে, সেগুলো এই মাসে পরিশোধ করা হবে। এটার ভালো অগ্রগতি হয়েছে। সমস্যা সমাধানে যতটুকু টাকা দরকার, সেটার ব্যবস্থা হচ্ছে। যার যে পাওনা রয়েছে, সেটা তাদের অ্যাকাউন্টে চলে যাবে।’
তিনি আরও বলেন, ‘অর্থ বিভাগ থেকে এই পাওনা পরিশোধ করা হবে নাকি শেয়ার বিক্রির মাধ্যমে হবে, তা আগামী ১৮ ফেব্রুয়ারি জানা যাবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্টরা যা কিছু করার শেষ করে আমাকে জানাবে মোট এত টাকা লাগবে এবং এত টাকা আছে।’
শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘তারা এখনও বেক্সিককোর শ্রমিক। আমি তো বলতে পারি না ১০০ জন এখানে যাও, ৫০০ জন ওখানে যাও। তবে তারা সবাই দক্ষ শ্রমিক। আমরা কোনোভাবেই এতগুলো লোককে বেকার থাকতে দিতে পারি না।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































