নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। এটিকে তিনি “যুগান্তকারী সিদ্ধান্ত” হিসেবে অভিহিত করেন। এর মূল লক্ষ্য দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এ সিদ্ধান্তের ফলে প্রায় ১২ লাখ দরিদ্র কৃষক সরাসরি উপকৃত হবেন। ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। এতে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, আমদানির ওপর নির্ভরতা কমবে এবং গ্রাম থেকে নগরমুখী অভিবাসন হ্রাস পাবে। গ্রামীণ মূল্যস্ফীতিও কমার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, এ মওকুফের আওতায় সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাওনা প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা পড়বে।
উল্লেখ্য, বিএনপির নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি ছিল। দলের চেয়ারম্যান তারেক রহমান একাধিক জনসভায় এই ঘোষণা দিয়েছিলেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































