প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়; এটি গণতন্ত্র ও শান্তিকামী সব মানুষের অর্জন। তিনি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন করা হবে।
শনিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে মানুষ দল-মত ভুলে রাস্তায় নেমে এসেছে। তাদের সম্মান করতে হবে। জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি দেশের সব মানুষের অর্জন। যারা জীবন দিয়েছেন, তাদের লক্ষ্য ছিল দেশের পরিবর্তন।”
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আত্মদানকারীদের প্রতিটি ত্যাগের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। তবে বিচার প্রক্রিয়ায় প্রতিশোধের পরিবর্তে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তারেক রহমান বলেন, “যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী, তাদের অবশ্যই বিচার করা হবে। তবে বিচারের নামে যেন কোনো অবিচার না হয়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। স্বৈরাচারী সরকার যেভাবে বিচারব্যবস্থাকে ব্যবহার করে মানুষের ওপর অবিচার করেছে, আমরা সেই পথ অনুসরণ করব না।”
তিনি আরও বলেন, শহীদদের প্রতি প্রকৃত সম্মান দেখাতে হলে আইনের শাসন বজায় রাখতে হবে। “যে শহীদ হয়েছে, সে যদি দেখে তার হত্যার বিচার করতে গিয়ে আমরা অন্য কারও প্রতি অন্যায় করছি, তাহলে সেই শহীদও কষ্ট পাবে। আইন অনুযায়ী হত্যাকারীদের বিচার হবে, প্রয়োজনে বিচার প্রক্রিয়ার জন্য সময় নেওয়া হবে।”
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভক্ত জাতি নিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা প্রত্যেকের ত্যাগের মূল্যায়ন করা হবে।
আরও পড়ুন: জুলাইয়ের চেতনা নিয়ে ‘ব্যবসা’ না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
শহীদ পরিবার ও উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মধ্য দিয়েই জুলাই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব। দেশকে এগিয়ে নিতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে এই আত্মত্যাগের ইতিহাস স্মরণ করবে।
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী”