২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি মাছউদ।
ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর। ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।
ইসি মাছউদ বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































