দেশের শেয়ারবাজারের উন্নয়ন ও শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পাঁচটি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ রোববার (১১ মে ২০২৫) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শেয়ারবাজার নিয়ে উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এসব নির্দেশনা প্রদান করেন। গত আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর শেয়ারবাজার নিয়ে এটিই প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।
প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনার মধ্যে রয়েছে:
১. বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে দ্রুত শেয়ারবাজারে তালিকাভুক্ত করার ব্যবস্থা গ্রহণ।
২. বেসরকারি খাতের বড় ও সম্ভাবনাময় কোম্পানিগুলোকে প্রণোদনা প্রদানের মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে উদ্যোগ নেওয়া।
৩. পুঁজিবাজার সংস্কারের জন্য বিদেশি বিশেষজ্ঞ দল নিয়ে এসে আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা।
৪. শেয়ারবাজার–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ।
৫. বড় কোম্পানিগুলো যাতে ব্যাংকঋণের পরিবর্তে শেয়ারবাজার থেকে বন্ড বা শেয়ার ইস্যু করে পুঁজি সংগ্রহে আগ্রহী হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব নির্দেশনার বিষয়ে অবহিত করেন। বৈঠকে অংশ নেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
প্রধান উপদেষ্টার এই নির্দেশনাগুলো শেয়ারবাজারে স্বচ্ছতা, দক্ষতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































