জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে পরিবহনের ভাড়া নতুন করে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে বাস ভাড়ায় পরিবর্তন আসবে। বিশেষ করে এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পরিবহন মালিকরা যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারেন, সেজন্য সরকার কঠোর তদারকি নিশ্চিত করবে।
তিনি দেশে জ্বালানি তেলের বর্তমান উচ্চ চাহিদাকে ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “এই চাহিদার একটি বড় কারণ হলো তেলের অবৈধ মজুত ও পাচার। সরকারের পক্ষে এই কৃত্রিম চাহিদা মেটানো সম্ভব নয়।”
উপদেষ্টা জানান, পরিস্থিতি সামাল দিতে ১ লাখ ৭০ হাজারের বেশি ‘ফুয়েল পাস’ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। তিনি বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই কঠিন সময়ে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়ার বিষয়টি মেনে নিতে হবে।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ভারত, ভুটান ও মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় চলছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































