দীর্ঘ ১০ বছর পর বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃণমূল পর্যায়ের কাউন্সিল সম্পন্ন করে চলতি বছরেই দলের জাতীয় কাউন্সিল সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী কাউন্সিলে মহাসচিব পদে পরিবর্তন আসছে।
রাজনীতি থেকে অবসর নিতে চান উল্লেখ করে ফখরুল বলেন, “আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে। অসুস্থ হয়ে যাচ্ছি।”
আগামীতে রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের প্রত্যাশা আমার কখনোই ছিল না। আমি এ পর্যন্ত যেখানে এসেছি, সেটা আমার ভাগ্য নিয়ে এসেছে।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রজীবনে। তিনি ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলেন এবং ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। শিক্ষাজীবন শেষ করে ১৯৭২ সালে ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮৬ সালে অধ্যাপনা ছেড়ে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯০-এর এরশাদবিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দেন।
২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০১১ সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় সম্মেলনে মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ ১০ বছর ধরে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































