বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় গুলশানের ফিরোজা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়।
খালেদা জিয়া বলেন, “ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কর্মসংস্থান, জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই।” তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকারদের তালিকা প্রস্তুত এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। শহীদ পরিবারের পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা জরুরি।”
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “৫ আগস্ট আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কখনো আপস করব না।” নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জনগণের প্রত্যাশা পূরণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম বলেন, “জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বিএনপি’র অবদান অসামান্য, তবে ফ্যাসিবাদ এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি।”



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































