খালেদা জিয়া-কাতার-এয়ার অ্যাম্বুলেন্স-newsedge24

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠাচ্ছে। কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ শনিবার জানিয়েছেন, “কাতার সরকার জার্মানির শীর্ষস্থানীয় এয়ার অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপের কাছ থেকে একটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL-604) ভাড়া করেছে। এই বিমানটি আন্তর্জাতিক দীর্ঘপাল্লার চিকিৎসা ফ্লাইটের জন্য বিশেষভাবে সজ্জিত এবং ভিআইপি মেডিকেল ট্রান্সপোর্টে বিশ্বব্যাপী খ্যাতি আছে।”

প্রাথমিক পরিকল্পনা ছিল কাতারের আমিরের নিজস্ব বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নেওয়া। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই বিমানটি ঢাকায় আসতে না পারায় কাতার সরকার দ্রুত বিকল্প হিসেবে জার্মানির এই অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে জানান, “কারিগরি সমস্যা সমাধান হলে জার্মানির বিমানটি শনিবারই ঢাকায় পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দিলে, ইনশাআল্লাহ আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।”

আরও পড়ুন: খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

এর আগে শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিনিই লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সঙ্গী হবেন বলে জানা গেছে।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার লন্ডনে স্থানান্তরের সুপারিশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *