অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারার নেই। আগে খাদের কিনারায় ছিল। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করছি। এখন ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের দিকে অনেকেই তাকিয়ে আছে। কিছু ভুল-ত্রুটি থাকলেও অবস্থা সন্তোষজনক।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
২০২৬ সালেই এলডিসি উত্তরণের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবেনা।
চট্টগ্রামে খালাসের জট কমেছে কি না জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, হ্যাঁ, পণ্য খালাসের জট কমেছে।
সয়াবিন তেল কি ভাসছে? সাংবাদিকরা এমন পাল্টা প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, সয়াবিনটা ভাসছে, এটা আমাদের দৃষ্টিতে আসছে। ব্যবসায়ীরা অনেক সময় নানান রকম ইসে যায়…। যাই হোক, আমরা চেষ্টা করছি। যতবেশি চালাক হয়, আমাদের আরও একটু বেশি চালাক হয়ে কাজ করতে হবে।
কারও কোনো গাফিলতি আছে কি না, সে বিষয়টি কি আপনারা দেখবেন? এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে, কীভাবে করেছে, কিন্তু তারা এটা ভালোভাবে ম্যানেজ করেছে।
গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক বাংলাদেশ সফর করে গিয়ে লিখেছেন বাংলাদেশ খাদের কিনারায় আছে, উনি কেন এটা বললেন বলে আপনাদের মনে হয়? জবাবে এই উপদেষ্টা বলেন, খাদের কিনারায় ছিল। এখন খাদের কিনারা থেকে আমরা রিটার্ন করে চলে আসছি।
উনি তো লিখেছেন, সাংবাদিকরা এমন পাল্টা প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, ওনারা কত কিছু লেখেন। বাইরের সবাই কি সবকিছু জেনে-শুনে লেখেন? তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন।
অর্থনীতির বিষয়গুলোও সেখানে আছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতির বিষয় তো আমি জানি ভেতরে কী হচ্ছে। এত হতাশ হওয়ার কোনো কারণ নেই।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































