বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দলটি আজ ভোট চাইতে আসছে, তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছিল।” মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, “আপনাদের ১৯৭১ সালের কথা মনে আছে, যুদ্ধের কথা মনে আছে। আমরা নিজেরাই পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। কেউ বাইরে থেকে এসে আমাদের হয়ে যুদ্ধ করে দেয়নি। আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি। কিন্তু যারা তখন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। আপনারাই বিচার করুন, তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে।”
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা হবে মা–বোনদের একটি কার্যকর অস্ত্র। এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্যপ্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন।”
কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকার্ড চালু করার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, “কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুযোগ-সুবিধা পাবেন। স্বাস্থ্যকার্ডের মাধ্যমে সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।”
আরও পড়ুন: বিএনপিই সত্যিকার অর্থে দেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনারা যখন আমাকে সমর্থন করেন, তখন আমি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করি।”
পথসভায় উপস্থিত কয়েকজন ভোটার মঞ্চে উঠে বিগত সময়ে মির্জা ফখরুলের এমপি থাকাকালীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পসহ সেচ সুবিধা বৃদ্ধি ও অন্যান্য উন্নয়নের কথা তুলে ধরেন। তারা ভবিষ্যতে আরও উন্নয়ন প্রত্যাশা করেন।
মির্জা ফখরুল আশ্বাস দেন, “নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































