প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখতে সরকারের কাছে জোরালো অবস্থান তুলে ধরা হবে।
বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এনআইডি, জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবা এক জায়গা থেকে দিতে সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশের খসড়া করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি জানার পর গতকাল বুধবার সভা করেছে ইসির কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার অ্যাসেসিয়েশনের পক্ষ থেকে সিইসির কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে এনআইডি সেবা ইসির অধীনে বহাল রাখার দাবিতে কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা সিইসির কক্ষের সামনে অবস্থান নেন। সেখান থেকে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির কক্ষে গিয়ে তার হাতে স্মারকলিপি তুলে দেন।
পরে সিইসি সাংবাদিকদের বলেন, এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়া সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে আমি শুনিনি। আলাপ-আলোচনা হয়েছে৷ কীভাবে হতে পারে সে আলোচনা হয়েছে। আমরা লিখিতভাবে সরকারকে জানাবো যে, এটি ইসির অধীনে থাকা উচিত। সরকারকে সেটি জরুরি ভিত্তিতে জানাবো।
এনআইডি সেবা ইসির অধীনে না রাখার পেছনে কোনো দুরভিসন্ধি আছে কি না- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, কোনো দুরভিসন্ধি আছে কি না, আমি জানি না৷ সরকার হয়তো মনে করছে একটা জায়গা থেকে সার্ভিসটা দেবে। নির্বাচন কমিশনের অধীনেই সেটা হবে এমনটা শুনেছিলাম আমি।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































