প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ৫৬০টি মডেল মসজিদ এক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত। এসব মসজিদের ব্যাপারে তাদের সমর্থকরা বলতে চেষ্টা করেন যে এটি সৌদি সরকারের অর্থায়নে বাস্তবায়িত একটি প্রকল্প। সৌদি আরব এখানে একটা টাকাও দেয়নি। এটি জনগণের করের টাকায় এক বিলিয়ন ডলারের একটি প্রকল্প।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, ‘এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসেছে। দেখা গেছে, খুবই প্রভাবশালী একজন মন্ত্রী তার এলাকায় শহরে না করে আট কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন, সেখানে তিনি মসজিদ করেছেন সরকারি টাকায়। একটা মসজিদের ব্যয় ১৭ কোটি টাকা। এখানে এত দুর্নীতি হয়েছে যে অনেকেই বলছেন, সেটা না হলে অর্ধেক খরচে করা যেতো। সে বিষয়ে আজকে উপদেষ্টা পরিষদে আলাপ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এটি তদন্ত করার জন্য একটি কমিটি করে দিয়েছে।’
শফিকুল আলম বলেন, ‘এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, সেগুলো তারা তদন্ত করে দেখবে।’
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন। সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলন আছে, সেখানে অনেক আন্তর্জাতিক নেতারা আসেন। অধ্যাপক ইউনূস ওই সম্মেলনে কথা বলবেন।
তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই সম্মেলনের বাইরেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে।’



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































